নিউজ ডেস্ক :
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে পেটানোর অভিযোগে তিতুমীর কলেজ শাখার সহসম্পাদক এস এম ইমরুল রুদ্রকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে ইমরুল রুদ্রকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।যদিও বিজ্ঞপ্তিতে ‘শৃঙ্খলা পরিন্থিতি ও সংগঠনবিরোধী কার্যকলাপে’র কোনো বিবরণ দেওয়া হয়নি। তবে সাংবাদিক সাব্বিরকে পেটানোর ঘটনায় ইমরুল রুদ্র সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
এ দিকে আহত সাংবাদিক সাব্বির আহমেদ গুরুতর জখম হয়ে বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়েছে।এর আগে, শুক্রবার সন্ধ্যায় তিতুমীর কলেজ ক্যাম্পাসে নিজ বিভাগের ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন সাংবাদিক সাব্বির। সেখানে কলেজ ছাত্রলীগের নেতা ইমরুল রুদ্র তার সঙ্গে দেখা করেন।
পরে ইফতার শেষে আক্কাসুর রহমান আঁখি হলের নেতাকর্মীদের নিয়ে সাব্বিরের ওপর অতর্কিত হামলা করেন রুদ্র।একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে ইমরুল রুদ্র এই হামলা করেন বলে অভিযোগ রয়েছে।


















