নিউজ ডেস্ক :
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেলাধুলার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে।শুক্রবার (৮ মার্চ) চাঁদপুরের কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সুজিত রায় নন্দী বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। যার কারণে আমাদের দেশ খেলাধুলার জন্য বিশ্বে দারুণভাবে পরিচিত। আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হবই হব। ফরক্কাবাদে একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
তিনি বলেন, এ প্রতিষ্ঠানে যে খেলাধুলার যাত্রা শুরু হয়েছে, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। প্রতিষ্ঠানটিকে শুধু চাঁদপুর নয়, সারাদেশে এ প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে।
এ প্রতিষ্ঠানে ক্রিকেট ও ফুটবল একাডেমি চালু করব, যেন শিক্ষার্থীরা খেলাধুলায় আরও আগ্রহী হয়। কারণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর-মন সুস্থ থাকবে।এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দ আহম্মদ পাটওয়ারী, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ দ্বীলিপ চন্দ্র দাস, সিটি কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্বা আলহাজ আমিনুল হক প্রমুখ।


















