মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে জেলার রৌমারী উপজেলা সদর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ফকির ওরফে জাহের আলী ফকির (৪০) ও একই ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুল সালামের ছেলে রফিকুল ইসলাম সাগর (৩৮)।
পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ জাহের আলী ফকির ও রফিকুল ইসলামকে আটক করা হয়।
উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরেক মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ওসি (তদন্ত) মুশাহেদ খান জানান আসামি জাহের আলী ফকিরের বিরুদ্ধে সাতটি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ছয়টি মামলা এবং পলাতক নিজামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


















