মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নব বিবাহিত দুবাই প্রবাসী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝুলন্ত ওই যুবক মাসুদ রানা (৩৩) উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে।
সোমবার ৪ ফেব্রুয়ারী নিজ বাড়ীর উঠানের আমগাছে মায়ের শাড়ী গলায় পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিন্ত করেন,কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।
পুলিশ ও স্হানীয়রা জানান, মৃত দুবাই প্রবাসী মাসুদ গত প্রায় মাস খানেক আগে বিয়ে করার জন্য বাড়ীতে আসেন। এক সপ্তাহ আগে কুড়িগ্রাম জেলা সদরের খলিলগঞ্জ এলাকায় বিয়ে করেন তিনি। কয়েকদিন ধরে তার বাড়ীতে বিয়ের আমেজ চলছিল।
গতকাল রবিবার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। নববিবাহিতা স্ত্রীও তাদের সাথে কুড়িগ্রাম বাপের বাড়ী যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়ীতে এবং স্ত্রীকে শ্বশুর বাড়ীতে রেখে বাড়ীতে ফেরেন মাসুদ। রাতে তিনি একাই বাড়ীতে ছিলেন। সোমবার সকালে বাড়ীর কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি এক পর্যায়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তার মা স্ত্রী ও শ্বশুর বাড়ীর আত্মীয়-স্বজন বাড়ীতে চলে আসে। এদিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে আজ সোমবার সকাল এগারোটার দিকে পুলিশ মাসুদের মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


















