মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর
সততার সঙ্গে অপরাধ দমন এবং অসীম সাহসিকতা ও বীরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক পদক রাষ্ট্রপতির পুলিশ (সেবা) পিপিএম পদক পেলেন ঝিনাইদহ জেলার শেখ পাড়ার কৃতি সন্তান ও যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন ঢাকায় তাকে এই পদক পরিয়ে দেন।
যশোরে গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য, নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদক দেওয়া হয়।
এছাড়া বিচক্ষণতার সঙ্গে সম্প্রদায়িক ও সামাজিক সংঘাতের মতো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ, তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, গণমানুষের নাগরিক ও আইনগত অধিকার সুরক্ষা, এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে রাষ্ট্রীয় এই পদকে ভূষিত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের মোকাদ্দেস হোসেন ও নিলুফার ইয়াসমিন দম্পতির বড় সন্তান। তিনি ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে নিযুক্ত হন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ‘নাভারণ সার্কেল’ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।


















