মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ডাকাতিকালে ডাকাত দলের ছুরিকাঘাতে আজিজুল (৩৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকের হেলপার আবু তালেব (২৫) ছুরিকাঘাতে আহত হয়।
গত ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব দিকেজ এই ডাকাতি ঘটনা ঘটে। নিহত আজিজুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও আহত হেলপার আবু তালেব জানান, (ঢাকা মেট্রো ১১-৯৩৪৮) ট্রাকটি শুক্রবার বিকেলে নারায়নগঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে বগুড়া উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে ট্রাক থামান। পরে ট্রাক থেকে নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০/১২ জন দেশীয় অস্ত্রসহ এসে তাকে ঘিরে ফিলে। এসময় তারা তার সঙ্গে থাকা নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় এবং মারপিট করতে থাকে। এসময় চিৎকার করে দৌড়ে পালাতে গেলে তারা ট্রাকের চালক আজিজুলের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। পরে তাদের আর্তচিৎকারে সিএনজি পাম্পে থাকা টহল পুলিশের একটি দল এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক এসআই অটল কুমার জানান, আহত হেলপারের আর্তচিৎকার শুনে টহল টিমের সদস্যদের নিয়ে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই চালকের বুকে ডাকাতেরা ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।


















