মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে এসে শ্বশুরালয়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যু ভারতীয় ওই নাগরিক বিকাশ চন্দ্র সরকার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধায় জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বিকাশের শ্বশুরবাড়ীতে এ ঘটনা ঘটে।স্হানীয় লোকজন জানান, বিকাশ চন্দ্র শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গত (২১ জানুয়ারি) বৈধভাবে স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের সন্তানকে নিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শশুর শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়ীতে আসেন তিনি।
এরপর গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিকাশের শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় ওই মৃত নাগরিককে দেখতে শত শত মানুষের ভিড় জমে।
উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, আমার ইউনিয়নে ওই ভারতীয় নাগরিক গত ২০ দিন আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে আসেন। আজ রোববার অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান, রুগী হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, যেহেতু অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















