মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও সহযোগীদের মারপিটে শরিফুল ইসলাম সোহান নামে এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টার দিকে হামলার শিকার শরিফুল ইসলাম সোহান ( ৪০) কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শরিফুল ইসলাম সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ।
ঘটনাটি ঘটেছে সন্ধা ৬ টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের খলিলগন্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে দাড়িয়ে থাকা একটি প্রাইভেট জিপগাড়ীকে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে জিপের পাশে পড়ে গিয়ে দুজনে আহত হয়। আহত ওই মোটরসাইকেলের দুই আরোহী ছিলেন ছাত্রলীগের দুই নেতা সিয়াম ও রিয়াদ
পরে জিপে থাকা নিহত শরিফুল ইসলাম সোহানসহ অপর দুইজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে মারপিট করে।
এ ঘটনায় শরিফুল গুরুতর আহত হয়।
পড়ে তাকে উদ্ধার করে ওই জিপগাড়ীতেই ছাত্রলীগ নেতারা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শরিফুল ইসলাম সোহান সদর ঘোষপাড়া হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর পুত্র এবং জেলা মোটর মালিক সমিতির সদস্য এবং কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ । এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে কুড়িগ্রাম মোটর মালিক সমিতি ও ব্যবসায়ীরা।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


















