মো: জাহিদ হোসাইন, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোছা. আনোয়ারা বেগম।
রোববার রাজধানীর নয়া পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন সংগ্রহ করেন।
জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তারপাড়া মহল্লার বাসিন্দা আনোয়ারা বেগম মনোনয়ন উত্তোলনকারী নারীদের মধ্যে একমাত্র মুক্তিযোদ্ধা। মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাঁর হাত দিয়েই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র গ্রহণ করেন এই রণাঙ্গনের নারী যোদ্ধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ‘জুলাই সংসদ’-এর আহ্বায়ক মুনতাসীর মেহেদী হাসান, ইমরান হাসান (ছাত্র প্রতিনিধি, শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ)সহ জুলাই আন্দোলনের একাংশের প্রতিনিধিরা।
মনোনয়ন সংগ্রহের পর আনোয়ারা বেগম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা নিয়ে তিনি জনগণের কল্যাণে কাজ করতে চান। দুই প্রজন্মের ঐক্যবদ্ধ শক্তি আধুনিক সিরাজগঞ্জ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


















