রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর সড়কের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয় এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত দুটি ইউনিট পাঠানো হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


















