জুলাই আন্দোলনের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
বর্তমানে তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। এর আগে কলকাতার নিউ টাউনের একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল।
সূত্র মতে, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বিবেচনা করে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তবে এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ও সংকটজনক পর্যায়ে রয়েছে। রোগনির্ণয়, চিকিৎসা পদ্ধতি কিংবা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।


















