বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই অনুষ্ঠানটি দুটি গুরুত্বপূর্ণ উপলক্ষে আয়োজন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং একই সঙ্গে দীর্ঘ ১৭–১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর বিদায়ের মুহূর্তও ঘনিয়ে এসেছে। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দলীয় পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
তিনি বলেন, আর মাত্র দুই মাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তারেক রহমান আরও বলেন, ‘আমি কোনো স্বপ্নের জগতে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে। খাদ্যের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন পেলে সরকার গঠন করতে সক্ষম হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।


















