জুলাই বিপ্লবে সহস্রাধিক শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৫ আগস্ট দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটে।
এরই ধারাবাহিকতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের একাডেমিক, গণতান্ত্রিক ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে ৫২ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাভাবিপ্রবি শাখা।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় মাননীয় ভাইস চ্যান্সেলরের নিকট সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করেন শাখা সভাপতি হাফিজুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা জানান, ফ্যাসিবাদী শাসনামলে দেশে গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা ও স্বচ্ছতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দলীয়করণের মাধ্যমে প্রজন্মকে দাসত্বে আবদ্ধ রাখার চেষ্টা চালানো হয়েছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ও একাডেমিক পরিবেশ পুনর্গঠনে এই সংস্কার প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবনা পেশ শেষে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

















