জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরাম মামলা করেছে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

















