দেশের চার মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোন লিমিটেড-এর কাছে, আর দ্বিতীয় সর্বোচ্চ পাওনা রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর কাছে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিভিন্ন লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা, সামাজিক দায়বদ্ধতা তহবিল ও অডিট আপত্তিজনিত দাবির কারণে অপারেটরগুলোর কাছে দীর্ঘদিন ধরে এই বকেয়া জমেছে।
সরকারি তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের কাছে বকেয়া রয়েছে ৬ হাজার ১০২ কোটি টাকা। অডিট আপত্তি ও ভ্যাট-সংক্রান্ত দাবির বিষয়টি নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে সরকারের পাওনা ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। এছাড়া রবি আজিয়াটা লিমিটেড-এর কাছে ৬১৫ কোটি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর কাছে ৪৭৩ কোটি টাকা বকেয়া রয়েছে।
সংসদে মন্ত্রী জানান, অপারেটরগুলোর বিরুদ্ধে থাকা বেশ কিছু দাবি আদালতে বিচারাধীন থাকায় বকেয়া আদায়ের প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। আইনি জটিলতা নিষ্পত্তি হলে সরকারের পাওনা আদায়ের কার্যক্রম আরও এগিয়ে যাবে।


















