মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (২১ জুন) দেশটির রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২২ জুন রাতে তিনি চীনের বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে যাত্রা করবেন।
শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন।
মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। পরে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও আলোচনা হবে। এছাড়া সফরকালে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়া সফর শেষে ২২ জুন সন্ধ্যায় চীনের দালিয়ানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল।
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে এখন পর্যন্ত ২৮ জনের নাম চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করা হচ্ছে।
দালিয়ানে অবস্থানকালে ২৩ জুন বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এছাড়া সামার দাভোস সম্মেলনে অংশ নেওয়া কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
সরকারের প্রত্যাশা, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং কৌশলগত সহযোগিতার নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















