মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৫ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের অধিকাংশ এলাকায় একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে, আবার কোথাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের শেষভাগে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।


















