ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন। বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। তিনি আরও বলেন, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক জটিলতা নেই।
খাদ্য ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন।
বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে ভোক্তাদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
তিনি আরও জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।


















