ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হবিপুর বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজের নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে হবিপুর বিল থেকে আনুমানিক ৬০০ মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের অবাধ ব্যবহারে দেশের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এসব জালে ছোট-বড় সব ধরনের মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও নিধন হচ্ছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।
তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত অভিযান অব্যাহত থাকবে।

















