এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর আপত্তিকর মন্তব্য এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, পরীক্ষা স্থগিত এবং পুনঃপরীক্ষাসহ বিভিন্ন দাবি জানান তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টা ৪২ মিনিট পর্যন্ত টাঙ্গাইলের নগরজালফৈ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গগামী লেনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও যানবাহনের চালক।
এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে সমাবেশ করে। পরে সেখান থেকে আবার মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ে বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাচ্ছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে বরং কঠিন প্রশ্নে পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
তারা দাবি করেন, চলমান পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করতে হবে, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।


















