নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পথ থেকে তুলে নিয়ে মারধর ও কান কামড়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর কানে চারটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। তিনি জানান, ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য শীতলক্ষ্যা নদীর তীরে তিনি একটি ড্রেজার মেশিন স্থাপন করেছিলেন।
সাখাওয়াতের অভিযোগ, সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।
তিনি আরও দাবি করেন, একপর্যায়ে তাঁকে না জানিয়ে কেন ড্রেজার বসানো হয়েছে—এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় মহিউদ্দিন চিশতিয়া তাঁর কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে দ্রুত ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চিশতিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের একটি কর্মসূচি থাকায় তিনি বিশ্রামে যাচ্ছেন। পরে ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার সত্যতা ও বিস্তারিত জানাবেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। তবে এখনো ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















