ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ এ প্রতিক্রিয়া জানান। তবে হামলার বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করেননি।
এর আগে সোমবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।
হামলার নিন্দা জানিয়ে শেহবাজ শরিফ বলেন, “এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এটি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলতে পারে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং এই সংকটময় সময়ে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে।”
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদ সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংকট সমাধানের সব ধরনের উদ্যোগকে সমর্থন করে যাবে।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করে। ওই চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে সোমবার ইয়েমেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি ব্রিফিংয়েও সৌদি আরবের প্রতি সমর্থন জানায় পাকিস্তান। একই সঙ্গে সব পক্ষকে সংলাপ ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায় দেশটি।
সূত্র: ডন


















