সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই প্রাধান্য দিতে হবে। নকশায় এমন প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
এতে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তা তথ্যভিত্তিক ও উদ্দেশ্যকেন্দ্রিক হয় এবং ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপন এড়ানো হয়। পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।














