জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে ধারণ ও তাঁর সাহিত্য-সংগীতের চর্চা সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর স্মারক ডাকটিকিট এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন।
সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন। সারাদেশে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্যাপন করা হবে।

















