মো. পারভেজ সরকার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহানের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা কোনো ধরনের ষড়যন্ত্র বা অপতৎপরতা চালাতে না পারে এমন অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোখলেছুর রহমান, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বায়জিদ হাসান বাসেদসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


















