জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল, তখন তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির মতে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। অথচ এখন দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দলীয় লোকজনকে পদায়নের মাধ্যমে লুটপাটের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।
সারজিস আলমের মতে, প্রথমে দলীয় লোকদের প্রশাসক বানানো হবে, এরপর তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করা হবে। পরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়া হবে এবং শেষ পর্যন্ত সেই প্রভাব কাজে লাগিয়ে নির্বাচনে জয় নিশ্চিত করার চেষ্টা করা হবে—যা তিনি স্বৈরাচারের পথে হাঁটার একটি রাজনৈতিক নীলনকশা হিসেবে উল্লেখ করেন।
পোস্টের শেষ দিকে তিনি বলেন, জনাব তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা অতীত থেকে শিক্ষা নেবেন, নাকি ‘কতিপয় অতিচালাকের’ পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবেন। তিনি আরও লেখেন, “নিশ্চয়ই অতিচালাকের গলায় দড়ি!”


















