আদালতের নির্দেশনা পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
গেজেট প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের কোনো তাড়াহুড়ো ছিল না জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই সব কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, সঠিক সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে।
১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার আহ্বানকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের আশ্রয় নিতে চাইলে তাতে বাধা নেই বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
আনোয়ারুল ইসলাম সরকার আরও দাবি করেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছে বর্তমান নির্বাচন কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য এসেছে বলে তিনি মন্তব্য করেন।
শেরপুর-৩ আসনের বিষয়ে ইসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি।


















