চট্টগ্রাম প্রতিনিধি: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “নেইমারের জন্য হারটা মানতে পারছি না”— এমন একটি স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পর চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুয়েল রানা (২৫) নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি বাঁশখালী সদর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্থানীয় ফুটবল অঙ্গনেও তিনি পরিচিত মুখ ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল। দারোগা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের ছোট ভাই মো. আরাফাত বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
স্থানীয় ফুটবলার বাপ্পারাজ তালুকদার জানান, জুয়েল স্থানীয় ফুটবলে পরিচিত মুখ ছিলেন। কয়েক দিন আগেই চাম্বল মাঠে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, দুর্ঘটনার প্রায় ঘণ্টাখানেক আগে জুয়েল রানা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে “নেইমারের জন্য হারটা মানতে পারছি না” লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। দুর্ঘটনার পর সেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
















