মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারায়ণ চন্দ্র (৭০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
নারায়ণ চন্দ্র উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি। নারায়ণ চন্দ্র রাজারহাট উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও গ্রামের মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে নারায়ণ চন্দ্র দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
বিষয়টি জানাজানির একপর্যায়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর শিশুটির পরিবারের
লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে এবং শনিবার রাতেই রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম ডেইলি বাংলা পোষ্টকে বলেন, শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর ইউনিয়নের একটি গ্রামের মন্দির কমিটির সভাপতি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’












