মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
উজানের ঢল নেমে দুধকুমার নদের পানি কমতেই কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদীর চরে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ। সীমান্তঘেঁষা এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, উজান থেকে, সম্ভবত ভারতীয় অংশের কোনো এলাকা থেকে মরদেহটি ঢলের পানিতে ভেসে এসেছে। তবে পুলিশ বলছে, পরিচয় শনাক্তের আগে এ বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার দুধকুমার নদের চরে কাদার মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে খবর দেওয়া হলে তিনি পুলিশকে বিষয়টি জানান। বিকেলে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক বন্যার পানি নেমে যাওয়ার পর নদীর চরে কাদার মধ্যে মরদেহটি আটকে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, মরদেহটি স্থানীয় কারও বলে কেউ শনাক্ত করতে পারেননি। স্থানীয়দের ধারণা, উজানের ঢলের সঙ্গে ভেসে এসেছে। তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মরদেহটি উজান থেকে ভেসে আসার ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগেও ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনারও রহস্যের জট খুলেনি। একের পর এক অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী জনপদে নতুন করে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


















