মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায় বৃহস্পতিবার (২ জুলাই) জেলার বিভিন্ন এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।
পিবিআই সূত্র জানায়, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং সার্বিক অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে তিনি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, প্রতিটি মামলার তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত সম্পন্ন করতে হবে। তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করার পাশাপাশি প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা দেন তিনি।
পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


















