দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনের পরীক্ষার সকালেই ময়মনসিংহে এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর প্রায় ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ার নামে একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এইচএসসি পরীক্ষার্থী তিশা সরকার। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রায় চার ঘণ্টা আগে ভবনটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। মেসের অন্য সদস্যরা জানান, ঘটনাকালে তারা ঘুমিয়ে ছিলেন। ফলে কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণের হারও উদ্বেগজনকভাবে কমেছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। কিন্তু এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন মাত্র প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ প্রায় সাড়ে ৫ লাখ নিয়মিত শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর প্রায় ৩৬ শতাংশ, পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
গত বছর এ হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। এক বছরের ব্যবধানে পরীক্ষায় অংশ না নেওয়ার হার প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে। শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, এটি একটি অস্বাভাবিক ও উদ্বেগজনক প্রবণতা।
এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ফরম পূরণ করার পরও পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। গত বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী, যেখানে আগের বছর একই দিনে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ জন।
বিশেষজ্ঞদের মতে, ঝরে পড়া, অর্থনৈতিক সংকট, শিক্ষাজীবনে অনিয়মিততা, পারিবারিক সমস্যা এবং মানসিক চাপ—এসব কারণ শিক্ষার্থীদের পরীক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ময়মনসিংহের এই মর্মান্তিক ঘটনাও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।


















