নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে কয়েক ঘণ্টার জন্য ধর্মঘট পালন করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে বিচারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টার জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন অভিযোগ করেন, মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন তাদের এক মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মিশনপাড়া এলাকায় একটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। এর প্রতিবাদেই তারা ধর্মঘটের কর্মসূচি পালন করেন। পরে বিচারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহাবুব উল্লাহ তপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। তার আশ্বাসের পরই মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিষয় নিয়ে বিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়েছিল। পরে পুলিশ এবং আবুল কাউসার আশার উপস্থিতিতে মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।


















