মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর সংবাদদাতা :
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একযোগে কুড়িগ্রাম জেলার ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার ২৮ জুন কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে উদ্বোধনের মধ্যে দিয়ে জেলা জুড়ে একযোগে শিশুদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় জেলার বিভিন্ন জায়গায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু করা হয়।
এবারের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা ও ১ টি পৌরসভার মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল বলে জানায় স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনে শিশুসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, চরাঞ্চলে প্রায় ২ শতাধিক ক্যাম্পেইন কেন্দ্রসহ মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে ৪ হাজার ১০৬ জন এবং সুপারভাইজার হিসেবে রয়েছেন ২৪০ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ আরও অনেকে।
আগামীর ভবিষ্যৎ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শিশুদের সুস্বাস্থ্যের লক্ষ্যে সরকারের এ উদ্যােগকে বাস্তবায়ন করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
















