মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিচক্র ব্লাড সোসাইটি, সুনামগঞ্জের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর ২টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা হলে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পরিচালক, সাংবাদিক, আলেম-ওলামা, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মানবসেবা, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই তরুণদের রক্তদানে আরও বেশি উৎসাহিত করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।
তারা আরও বলেন, জরুরি সময়ে রক্তের ব্যবস্থা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক সচেতনতা তৈরিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুব সালমান, মাওলানা মুফতি এহসান রেজা মুহিবী, মাওলানা নুর আহমদ চুয়াপুরী, মাওলানা সোহেল আহমদ, মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী, মাওলানা মুতিউর রহমান, শিক্ষাবিদ মাস্টার সাজিদুর রহমান কফিল, সুরমা কলেজ পাতারিয়ার প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাক, সমাজসেবক আবদুল বাছিত সুজন, সাংবাদিক ইমরান আহমদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অতিথিরা শান্তিচক্র ব্লাড সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসংখ্য রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরে মানবতার কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
















