মো. সোহাগ হোসেন, বেনাপোল সংবাদদাতা :
যশোরের শার্শায় বজ্রপাতে ৪৯ বিজিবির সদস্য শফিউর রহমানসহ মোট চারজন ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় আকস্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজিবি সূত্র জানা গেছে, আহত শফিউর রহমান সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বজ্রপাতের শিকার হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্যান্য বিজিবি সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান- বৃহস্পতিবার বিকালে দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় শালকোনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য ও আশপাশে থাকা কয়েকজন সাধারণ মানুষ বজ্রপাতে আহত হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান- বজ্রপাতে সৈনিক শফিউর রহমান গুরুতর আহত হয়েছে। একই ঘটনায় আরও তিনজন সাধারণ মানুষ আহত হয়। আহত চারজনকেই উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।


















