১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় টাঙ্গাইল জেলা রাইফেল ক্লাবের প্রতিযোগী তানভীর আহমেদকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল সংগ্রহশালা। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় এয়ারগান ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে তিনি সিলভার মেডেল লাভ করেন।
সোমবার রাতে শহরের নিরালা মোড়ে টাঙ্গাইল সংগ্রহশালার কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তানভীর আহমেদসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও ছয়জনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তাদের হাতে বই উপহার তুলে দেন টাঙ্গাইল সংগ্রহশালার সভাপতি ইসমাইল হোসেন সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সংগ্রহশালার সাধারণ সম্পাদক মির্জা মাসুদ রুবেল, সহ-সভাপতি আমিনা মামুন এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
এবারের ১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ টাঙ্গাইল জেলা রাইফেল ক্লাবের হয়ে অংশগ্রহণ করেন এইচ এম গোলাম মাহদি, অর্জুন দত্ত সান, নাজিয়া হক সারা, জিনেদিন জিদান, সাবরিনা ইসলাম, মমতাহিনা হক নোহা এবং তানভীর আহমেদ।
বক্তারা বলেন, তরুণদের খেলাধুলা ও শুটিং চর্চায় উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জেলার ক্রীড়াবিদদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন এস এম মহসিন।


















