মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর জেলার একটি প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
রোববার (২১ জুন) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২২ জুন) বিকেলে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ধুলাউরি গ্রামের বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজীবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ তাকে আটক করে। অভিযানের সময় রাজীবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদের নেতৃত্বে চার সদস্যের একটি দল সেখানে উপস্থিত ছিল।
গ্রেপ্তারের পর রাতেই তাকে রাজীবপুর থানায় নিয়ে আসা হয়। পরে সোমবার বিকেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা থাকলেও সেসব মামলায় তিনি জামিনে রয়েছেন। তবে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


















