নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের নাগরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চেক বিতরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচ্ছল ব্যক্তিদের মাঝে চেক বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
গত শুক্রবার (১৯ জুন) সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তবে চেক বিতরণের তালিকায় নাগরপুর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. এসহাকের নাম রয়েছে বলে জানা গেছে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবেও পরিচিত। এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সুমন বাপ্পি, স্থানীয় ব্যবসায়ী ও পেট্রোল-টেলিকম দোকানের মালিক মজনুসহ আরও কয়েকজন চেক পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—দুস্থ ও অসহায়দের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা কীভাবে রাজনৈতিক নেতাকর্মী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের হাতে গেল। বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর সরকারি নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
অনুষ্ঠানে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকেই উপকারভোগীদের তালিকা পুনরায় যাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


















