“উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এনসিসি ব্যাংক শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও SICIP প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান, এসএমই প্রধান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধানসহ ২৫ জন উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুমোদনপত্র ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে উদ্যোক্তাদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
















