মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল যে লাইব্রেরি, সেখানে এখন বইয়ের তাকগুলোই যেন জানান দিচ্ছে সংকটের গল্প। পর্যাপ্ত বই, পরিচর্যা ও ব্যবস্থাপনার অভাবে রায়গঞ্জের নৈঃশব্দ্য মহাকাল এই পাঠাগারটি ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ছে।
মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি এবং উপজেলা পরিষদে বিভিন্ন কাজে আসা মানুষের অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগানোর উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল এই উন্মুক্ত পাঠাগারটি। শুরুতে এখানে ছিল প্রায় ৪৫০টির বেশি বই। গল্প, উপন্যাস, ইতিহাস, সাধারণ জ্ঞানসহ নানা ধরনের বই পড়ার সুযোগ পেতেন পাঠকরা।
তবে বর্তমানে লাইব্রেরিটিতে বইয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫টিতে। ফলে আগ্রহ থাকলেও অনেক পাঠক প্রয়োজনীয় বই পাচ্ছেন না।
স্থানীয়দের দাবি, লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়ার পর অনেকেই আর ফেরত দেন না। পাশাপাশি নতুন বই সংযোজন ও নিয়মিত তদারকির অভাবেও কমেছে বইয়ের সংখ্যা।
লাইব্রেরিতে আসা শিক্ষার্থী সিমান্ত তালুকদার জানান, আগে এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যেত। এখন পছন্দের বই খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। নতুন বই যোগ হলে আবারও পাঠকের আগ্রহ বাড়বে বলে তারা মনে করেন।
এদিকে শুধু বই সংকট নয়, লাইব্রেরির পরিবেশ নিয়েও রয়েছে অসন্তোষ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে বলে অভিযোগ করেছেন অনেকে। এতে পাঠের উপযোগী পরিবেশও নষ্ট হচ্ছে।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা জুবায়ের হোসেনসহ কয়েকজন জানান, এমন একটি উন্মুক্ত লাইব্রেরি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এটি কার্যকর রাখতে হলে নিয়মিত পরিচর্যা, নতুন বই সংযোজন এবং বই আদান-প্রদানের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন।
সচেতন মহলের মতে, একটি লাইব্রেরি শুধু বই রাখার স্থান নয়, এটি মানুষের জ্ঞান ও চিন্তার বিকাশের অন্যতম মাধ্যম। তাই ‘নৈঃশব্দ্য মহাকাল’ উন্মুক্ত লাইব্রেরিকে আবারও পাঠবান্ধব করে তুলতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, লাইব্রেরিটি মানুষের পাঠাভ্যাস বাড়ানোর লক্ষ্যেই করা হয়েছে। বই কমে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজন অনুযায়ী নতুন বই সংযোজন ও পরিবেশ উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লাইব্রেরি থেকে নেওয়া বই যথাসময়ে ফেরত দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এটি সবার জন্য উন্মুক্ত একটি জ্ঞানচর্চার জায়গা, তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।

















