সিরাজগঞ্জের শাহজাদপুরের খুকনী রহমতখোলা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুর ৬ দিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় অপহরণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
নিখোঁজ শিশুরা হলো—আব্দুল্লাহ (১০) ও আফছার আলী (৯)। তারা খুকনী রহমতখোলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে পাশের গ্রামের দুই কিশোর রাকিব ও রহিম আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আব্দুল্লাহ ও আফছার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনটি ক্লাস শেষে টিফিন খেতে বাড়িতে ফিরে আসে। দুপুরের দিকে টিফিন শেষে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের সঙ্গে রাকিব ও রহিমকে রাস্তায় কথা বলতে দেখেন আব্দুল্লাহর বাবা। এরপর থেকেই দুই শিশুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর রাকিব ও রহিমও এলাকা ছেড়ে চলে যায়। পরে তারা ঢাকায় অবস্থান করছিল বলে জানা যায়।
এ ঘটনায় আব্দুল্লাহর বাবা এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে এনায়েতপুর থানার কর্মকর্তা এস এম রিয়াজুলের নেতৃত্বে অভিযান চালিয়ে রাকিব ও রহিমকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তবে নিখোঁজের ৬ দিন পার হলেও এখন পর্যন্ত শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
কোনো ব্যক্তি শিশু দুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


















