মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে রাইশা মনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নেমেছিল রাইশা। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।
খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন জানান, কুড়িগ্রামে কোনো ডুবুরি দল না থাকায় রংপুর বিভাগের ডুবুরি দলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা বর্তমানে অন্য একটি উদ্ধার অভিযানে থাকায় সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

















