মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বালুবাহী ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুবাহী ট্রাক দ্রুতগতিতে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইয়ুব আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত গতি ও অসচেতনভাবে যানবাহন চালানোর কারণে মহাসড়কটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


















