ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বাইরে পুলিশি হেফাজতে থাকাবস্থায় কোনো আসামির সঙ্গে কথা বলা এবং সেই বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। এদিন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আদালতে এ সংক্রান্ত আবেদন উপস্থাপন করেন।
আবেদনে বলা হয়, আইন অনুযায়ী বিচারকের সামনে ছাড়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় কোনো আসামির কথা বলার এখতিয়ার নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়া পুলিশি হেফাজতে থাকা বা দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা দেশের সর্বোচ্চ আদালত ও রাষ্ট্রীয় সংস্থার নীতিমালার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, জনমত প্রভাবিত হওয়া প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে পুলিশি হেফাজতে থাকা আসামিরা যেন কারও সামনে বক্তব্য দিতে না পারে, সে বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


















