মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লোহার রডের (সুরকি) আঘাতে ছোট ভাই সজিব মিয়া (২০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়ন এর কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২৯ মে) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সজিব মিয়া ওই এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কাশিয়াবাড়ি গ্রামে ক্যাসিনো খেলা ও মাদক সেবন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় সজিব মিয়াকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন তার মা, বড় ভাই সাকিব মিয়া ও মামা সাইফুল ইসলাম।
একপর্যায়ে কথাকাটাকাটি তীব্র হলে বড় ভাই সাকিব মিয়া ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে আঘাত করেন সজিবকে। এতে গুরুতর আহত হন তিনি।
স্বজনরা দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসক দুলাল চন্দ্র পাল বলেন, “সজিব মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত ব্যক্তির শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।”
তিনি আরও জানান, প্রথমে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে উপস্থাপন করার চেষ্টা করা হলেও নিহতের শরীরে বাম বুকের পাশে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। এ কারণে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।


















