ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রড ও যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।


















