নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হিরো (২৫) নামে এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
অপর অভিযুক্ত সোহেলকে (২৭) রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২২ মে) রাতে ফতুল্লা উপজেলার বক্তাবলী এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত হিরো ও সোহেল কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে যায় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত হিরোকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পরই তৎপর হয়ে ওঠে ফতুল্লা মডেল থানা পুলিশ। রাতেই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় অভিযুক্ত সোহেলকে আটক করতে সক্ষম হয় তারা। এদিকে, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতেই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক অভিযুক্ত চিকিৎসাধীন এবং অপরজনকে আমরা গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে।


















