মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে প্রিন্স মোল্লা তার প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন।
এ ঘটনায় প্রথম স্ত্রী মনিরা মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী তালহা প্রিন্স মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।


















