ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আউশ/২০২৬ মৌসুম উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) আয়োজিত এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার, কীটনাশক ও সাইনবোর্ড বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মসউদ ইকবাল, এসএসও ও প্রধান, আদিবা আফরিন রিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, পাশাপাশি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও জানান, মাঠ পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















